ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারী আহত, উদ্ধার করল ফায়ার সার্ভিস

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২২ পিএম
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারী আহত, উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের বেজগাঁও যাত্রীছাউনি সংলগ্ন এলাকায় ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টা ২৬ মিনিটের দিকে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহত নারীর নাম-পরিচয় কিংবা ঠিকানা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।  

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির কোনো অজ্ঞাত যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।  

এদিকে এক্সপ্রেসওয়ের মতো দ্রুতগতির মহাসড়ক পারাপারের ক্ষেত্রে পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং জীবনের ঝুঁকি এড়াতে নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।