প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানাল হেফাজত

অনলাইন ডেস্কঃ
৯ আগস্ট, ২০২৬ ৭:১৬ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানাল হেফাজত

মহান আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাস, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার বিচার এবং আলেমদের নামে থাকা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সাক্ষাৎকালে সংগঠনের মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের দেওয়া একটি অভিনন্দনপত্রের মাধ্যমে সরকারের কাছে এসব দাবি তুলে ধরা হয়। 

হেফাজতে ইসলামের ৯টি দাবি:

১. ধর্ম অবমাননার বিচার: মহান আল্লাহ, রাসুলুল্লাহ (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা।

২. ইসলামবিরোধী আইন রোধ: কোরআন ও সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা।

৩. নারকীয় হত্যাকাণ্ডের বিচার: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের নারকীয় হত্যাযজ্ঞে জড়িত হুকুমের আসামি ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

৪. কওমি সনদের স্বীকৃতি কার্যকর: দাওরায়ে হাদিসের (মাস্টার্সের সমমান) স্বীকৃতি সঠিকভাবে কার্যকর করার মাধ্যমে কওমি শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করা। বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে ধর্মীয় শিক্ষক পদে সরকারি মাদ্রাসার ডিগ্রির পাশাপাশি কওমি ডিগ্রির উল্লেখ রাখা।

৫. ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা: প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা।

৬. অমুসলিম ঘোষণা ও নিষিদ্ধকরণ: কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা এবং 'হিযবুত তাওহীদ' নামক সংগঠনকে নিষিদ্ধ করা।

৭. পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র বন্ধ: পার্বত্য চট্টগ্রাম এলাকা নিয়ে দেশি-বিদেশি মিশনারিগুলোর অপতৎপরতা ও ষড়যন্ত্র বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

৮. মিথ্যা মামলা প্রত্যাহার: বিগত সরকারের আমলে আলেমদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং রাষ্ট্র পুনর্গঠনে আলেম-ওলামাদের অংশীদার করা।

৯. ইজতেমা ও তাবলীগ সংক্রান্ত দাবি: বাংলাদেশে তাবলীগ জামাতের কার্যক্রম ও বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করা। একই সঙ্গে বিতর্কিত মাওলানা সাদের বাংলাদেশে আগমনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা এবং টঙ্গী ময়দানে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।