নওগাঁয় এআই ক্যামেরার সুফল: যশোরে অভিযানে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৬ আগস্ট, ২০২৬ ১:৪১ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় এআই ক্যামেরার সুফল: যশোরে অভিযানে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

নওগাঁ জেলা পুলিশের সদ্য স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সিসিটিভি ক্যামেরার কার্যকর ব্যবহারে একটি চাঞ্চল্যকর স্বর্ণ ছিনতাই মামলার গুরুত্বপূর্ণ রহস্য উদঘাটিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর থেকে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় অপরাধে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পাল ঢাকার কল্যাণপুর থেকে ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাসে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। চার সদস্যের একটি চতুর ছিনতাইকারী চক্র ঢাকা থেকেই কালো রঙের একটি মাইক্রোবাস নিয়ে বাসের পিছু নেয়। বগুড়া হয়ে নওগাঁর ‘ঢাকা বাসস্ট্যান্ডে’ বাস থেকে নামেন সুভাষ পাল। এরপর তিনি শহরের ‘তাজের মোড়ে’ পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং চোখের পলকে তার ব্যাগ থেকে আনুমানিক ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এআই ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার:
ছিনতাইয়ের খবর পাওয়া মাত্রই পুলিশ সুপার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা ডিবি ইনচার্জকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তল্লাশি জোরদার করা হয়। নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পর জেলা ডিবি ইনচার্জ জনাব হাসিবের নেতৃত্বে শুরু হয় তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত।

তদন্তে নতুন গতি এনে দেয় জেলা পুলিশের এআই কানেক্টেড সিসি ক্যামেরার ফুটেজ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, টোল প্লাজার ডাটা ও বিভিন্ন জেলার তথ্য মেলাতেই ছিনতাইয়ে ব্যবহৃত কালো মাইক্রোবাসটি শনাক্ত করা সম্ভব হয়।

যশোরে বিশেষ অভিযান ও গ্রেফতার:
গাড়ির অবস্থান নিশ্চিত হওয়ার পর যশোর জেলা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে নওগাঁ ডিবি। অভিযানে যশোর কোতোয়ালি এলাকা থেকে গাড়িচালক মো. জামাল হোসেন ফুলনকে গ্রেফতার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামাল জানান, তারা চারজন ঢাকা থেকেই ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে নওগাঁ পর্যন্ত আসে এবং তাজের মোড়ে এসে সুযোগ বুঝে স্বর্ণ ছিনতাই করে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামাল ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অভিযান অব্যাহত:
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তির ব্যবহারে এই চক্রের প্রধান আসামিদের একজনকে ধরা সম্ভব হয়েছে। চক্রের অপর পলাতক সদস্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া ১৪ ভরি স্বর্ণ উদ্ধারে ডিবির অভিযান জোরদার রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।