বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

অনলাইন ডেস্কঃ
৬ আগস্ট, ২০২৬ ১:০৪ পিএম
শেয়ার করুন:
বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সরাসরি ভূমিকা রাখলেও সেসময় বিএনপি ও জামায়াতের কোনো অবস্থান বা বিবৃতি ছিল না বলে দাবি করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আন্দোলন সার্থক হওয়ার পর এখন অনেকেই নিজেদের ‘মাস্টারমাইন্ড’ দাবি করছেন বলে মন্তব্য করেন তিনি।

গত বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মুফতি ফয়জুল করীম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র রাজনৈতিক দল, যারা গোপনে কারো সঙ্গে আঁতাত বা কোনো কন্ট্রাক্ট না করে রাজপথে সশরীরে লড়াই করেছে। জীবনের মায়া ত্যাগ করে আমাদের নেতাকর্মীরা ট্যাংকের সামনে ও রাজপথে দাঁড়িয়েছিলেন। কিন্তু আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের তেমন কোনো তৎপরতা ছিল না। অথচ অভ্যুত্থান সফল হওয়ার পর যে যার মতো নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করছেন।”

সরকারের নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, “ক্ষমতায় আসার পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। মানুষকে যাঁতাকলে পিষ্ট করার জন্য তো এই অভ্যুত্থান হয়নি। সরকারের মিষ্টি কথায় পেট ভরে না। জনগণের সাথে বেইমানি কিংবা অন্যায় করা হলে আবার আন্দোলন হবে। আর জনগণের এই নীরবতা যখন ভাঙবে, তখন বিগত সরকারের মতোই দেশ ছেড়ে পালাতে হতে পারে।”

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতি ও মারামারির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ক্যাম্পাসে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা বা মারামারি করার জন্য ছাত্ররা জীবন দেয়নি। কোনো অন্যায় বা সমস্যা থাকলে তার ফয়সালা সংসদে হওয়া উচিত, ক্যাম্পাসে সহিংসতা ছড়িয়ে নয়।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নগরীতে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।