বুলেট হত্যায় গ্রেপ্তার ৫ ঘাতকই ডাকাতি মামলার আসামি

অনলাইন ডেস্কঃ
Apr 27, 2026 - 11:37
বুলেট হত্যায় গ্রেপ্তার ৫ ঘাতকই ডাকাতি মামলার আসামি

কুমিল্লার কোটবাড়িতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতরা সবাই রেলওয়ে ডাকাতি মামলার তালিকাভুক্ত আসামি। এর মধ্যে চারজন সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে র‍্যাব। সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, ঘটনার দিন বাস থেকে নেমে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন বুলেট বৈরাগী। আগে থেকেই ওই অটোরিকশায় যাত্রীবেশে ওঁত পেতে ছিল ছিনতাইকারী চক্রের সদস্যরা।

এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি হাড়াতলী এলাকার ফুটপাত থেকে বুলেট বৈরাগীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মাথার পেছনের জখম দেখে পুলিশ এটিকে সড়ক দুর্ঘটনা বলে সন্দেহ করেছিল। কিন্তু তিনি বাস থেকে কুমিল্লার প্রবেশমুখ পদুয়ার বাজার বিশ্বরোডে না নেমে কেন আরও চার কিলোমিটার দূরে কোটবাড়ি হাড়াতলী এলাকায় গেলেন—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশ নিশ্চিত হয়, ছিনতাইকারীদের কবলে পড়েই নির্মমভাবে খুন হয়েছেন তিনি।

এ বিষয়ে র‍্যাব-১১ সিপিসির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, "এটি একটি ক্লু-লেস মার্ডার ছিল। ঘটনার পর থেকেই র‍্যাব নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। আটকদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।"

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কর্মকর্তার মোবাইল ফোনটি শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সচল ছিল। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রযুক্তির সহায়তায় সেই মোবাইলের সিগন্যাল ট্র্যাক করেই তদন্ত এগিয়ে নিচ্ছেন কর্মকর্তারা।

এদিকে, রোববার সকালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বেলা ১১টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নেওয়া হয় কুমিল্লা পৌরপার্ক সংলগ্ন কাস্টমস অফিসে। সেখানে কাস্টমস কমিশনার আব্দুল মান্নান সর্দারসহ সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। 

দুপুর ১২টার দিকে মরদেহ নিয়ে তার নিজ গ্রাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন স্বজনরা। রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি মেনে বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow