শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৮ পিএম
শেয়ার করুন:
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

টানা দুই পরাজয়ের হতাশা কাটিয়ে অবশেষে জয়ে ফিরল বাংলাদেশ পুরুষ হকি দল। এশিয়ান গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে ৫–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম; অপর গোলটি আসে মাহবুব হোসেইনের স্টিক থেকে।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত পুল ‘এ’-র এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই সুযোগ কাজে লাগিয়ে লাল-সবুজদের এগিয়ে নেন আমিরুল ইসলাম (১–০)।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের গতি আরও বাড়ায় বাংলাদেশ। ১৬তম মিনিটে আশরাফুল ইসলামের গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২–০)। তবে এর দুই মিনিট পরই (১৮তম মিনিটে) কুশল ভীরাপ্পোলি গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় লঙ্কানরা (২–১)।

তবে তৃতীয় কোয়ার্টারে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। ২৭তম মিনিটে আমিরুল ইসলাম নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৪৩তম মিনিটে মাহবুব হোসেইন বল জালে জড়ালে লঙ্কানদের ম্যাচ থেকে কার্যত ছিটকে দেয় লাল-সবুজের দল (৪–১)।

ম্যাচের শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার কমেনি। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন আশরাফুল ইসলাম। এতে ৫–১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের জন্য একেবারেই ভালো ছিল না। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫–০ এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৬–১ গোলে বিধ্বস্ত হয়েছিল দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই স্বস্তির জয়ে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-র টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।