মাগুরায় বেশি দামে সার বিক্রি: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:০২ পিএম
শেয়ার করুন:
মাগুরায় বেশি দামে সার বিক্রি: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, রসিদ না দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ মজুতের দায়ে একটি সার ডিলার প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার নাকোল বাজারে ভোক্তা অধিদপ্তরের একটি দল এ তদারকিমূলক অভিযান পরিচালনা করে। 

অভিযান সূত্রে জানা যায়, নাকোল পুরাতন বাজারের বিএডিসি সার ও বীজ ডিলার ‘মেসার্স মা ট্রেডার্স’-এ তদারকিকালে বিভিন্ন অনিয়মের চিত্র ধরা পড়ে। সেখানে সরকার নির্ধারিত প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকার ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ কৃষকদের কাছ থেকে প্রতি বস্তায় অতিরিক্ত ৪০০ টাকা করে হাতিয়ে নেওয়া হচ্ছিল। এছাড়া সার বিক্রির পর ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হতো না এবং বিক্রয় রেজিস্টারেও কোনো তথ্য সংরক্ষণ করা হয়নি।

পাশাপাশি প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। এমনকি মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রি করার প্রমাণও পান অভিযান পরিচালনাকারীরা।

ভোক্তা অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটিকে এর আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু পূর্বের সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় একই অপরাধ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানের মালিক লিটন কুমার সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং জেলা পুলিশের একটি দল। 

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার ও কৃষি উপকরণ নিশ্চিত করতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।