জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা

অনলাইন ডেস্কঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১ পিএম
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ ও আর্থিক সহায়তা জোরদারের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ুগত কারণে দেশটি বিশ্বের অন্যতম সর্বাধিক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য উত্তরণ’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় দেওয়া বক্তব্যে তিনি বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সংকট ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী চলতি শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১২ থেকে ১৮ শতাংশ এলাকা স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে কোটি কোটি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বাড়বে। 

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে প্রতি বছর দেশের জিডিপির প্রায় ১ শতাংশ সমপরিমাণ ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে মারাত্মক ঝুঁকিতে পড়ছে জাতীয় খাদ্যনিরাপত্তা। 

সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশ নিজস্ব উদ্যোগে সংকট মোকাবিলার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের বাজেটে আমরা জলবায়ু অভিযোজন ও প্রশমন খাতে প্রায় ৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রেখেছি। তবে এই বিশাল সংকট কেবল অভ্যন্তরীণ সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়; বৈশ্বিক সহায়তা ছাড়া বাংলাদেশ বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকিতেই থেকে যাবে।”

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয় রুখতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর একটি বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা, পানি সংরক্ষণ, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং বন্যার ক্ষয়ক্ষতি কমাতে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এ ছাড়া টেকসই পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারাজ’ ও ‘তিস্তা ব্যারাজ’-এর মাস্টার প্ল্যান বাস্তবায়নেও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।