এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পত্নীতলায় নাচ-গান, ধর্মীয় পূজা ও নানা লোকজ আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ উদযাপিত হয়েছে। কারাম ডালকে কেন্দ্র করে ধর্মীয় আচার, উপবাস, লোকগাথা ও নৃত্য-গীতের মাধ্যমে নিজেদের ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন উৎসবে অংশ নেওয়া মানুষেরা।
বুধবার বিকেলে উপজেলার নজিপুর হাইস্কুল মাঠে জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে আদিবাসী সমাবেশ ও সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হয়। এতে পত্নীতলা ছাড়াও পার্শ্ববর্তী মহাদেবপুর, নিয়ামতপুর, পোরশা ও ধামইরহাটসহ বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সাংস্কৃতিক দল অংশ নেয়। ঢাক, মাদল আর করতালের তালে তালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীদের পরিবেশিত ঐতিহ্যবাহী নৃত্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ।
এর আগে মঙ্গলবার উপজেলার বুজরুক মামুদপুর গ্রামে কারাম পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনভর উপবাস পালনের পর সন্ধ্যায় একদল কিশোরী বন থেকে কারামগাছের ডাল কেটে এনে পূজার বেদিতে স্থাপন করেন। এরপর মাটির প্রদীপ (দিয়াবাতি), নতুন অঙ্কুরিত ফসলের ডালা (জাওয়া ডালি) ও ফলমূল উৎসর্গের মাধ্যমে পূজার পর্ব শুরু হয়।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পূজাস্থলে নানা বয়সী নারী-পুরুষ ও শিশুর ঢল নামে। সেখানে পুরোহিত উপস্থিত সবার সামনে আদিবাসীদের বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক ‘কার্মা ও ধার্মা’ দুই ভাইয়ের লোকগাথা (কিচ্ছা) বর্ণনা করেন। কিচ্ছা পাঠ শেষে নারীরা একে অপরকে নিমন্ত্রণ জানিয়ে উপবাস ভাঙেন। এরপর পূজার বেদির চারপাশ ঘিরে মাদলের তালে শুরু হয় আদিবাসীদের চিরচেনা উন্মাতাল নাচ-গান।
বুধবার ধর্মীয় আচার শেষে গীত গাইতে গাইতে শোভাযাত্রা সহকারে কারাম ডালটি নজিপুর হাইস্কুল মাঠের সমাবেশে নিয়ে আসা হয়। সেখানে ডালটি পুনরায় স্থাপন করে বিভিন্ন এলাকা থেকে আসা নৃত্যদলগুলো তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। সবশেষে কারাম ডালটি শ্রদ্ধার সঙ্গে তুলে নিয়ে স্থানীয় আত্রাই নদীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য কারাম উৎসবের।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।