তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

অনলাইন ডেস্কঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম
শেয়ার করুন:
তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় নেতা।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ প্লাজায় অবস্থিত ‘তুর্কি হাউজ’-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনীতি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধির অপার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের অবস্থান এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে ধারাবাহিক সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।