আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি

অনলাইন ডেস্কঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৪ পিএম
শেয়ার করুন:
আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি

ফুটবলের মতো ভলিবল কোর্টেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথে উত্তেজনার কোনো কমতি থাকে না। দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গেল সেই চিরচেনা উত্তাপ। ফাইনালে আর্জেন্টিনাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ব্রাজিল। তবে স্মরণীয় এই শিরোপা জয়ের পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় কোর্টে চরম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে ব্রাজিল। প্রতিপক্ষ আর্জেন্টিনাকে কোনো প্রকার ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে টানা তিন সেটেই জয় তুলে নেয় সেলেসাওরা। ম্যাচের ফল ছিল ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০। এই জয়ে দক্ষিণ আমেরিকান শিরোপা নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিটও নিশ্চিত করেছে ব্রাজিল দল। 

তবে কোর্টের দৃষ্টিনন্দন এই লড়াইয়ের সমাপ্তিটা সুখকর হয়নি। ম্যাচ শেষ হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্রাজিলের পক্ষে শেষ পয়েন্টটি নিশ্চিত করার পর দলটির খেলোয়াড় দারলান আর্জেন্টিনার খেলোয়াড়দের দিকে তাকিয়ে উপহাসের ভঙ্গিতে হাত নেড়ে বিদায়ের ইঙ্গিত দেন। 

দারলানের এমন অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ হয়ে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় দ্রুত তার দিকে তেড়ে আসেন। এতে মুহূর্তেই দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরবর্তীতে ম্যাচ অফিশিয়াল ও উভয় দলের স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।