নাজিরপুরে ব্র্যাকের ‘সহমর্মিতার বীজ বুনি’ সেশন অনুষ্ঠিত

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৮ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে ব্র্যাকের ‘সহমর্মিতার বীজ বুনি’ সেশন অনুষ্ঠিত

সামাজিক ক্ষমতায়ন, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সহমর্মিতার বীজ বুনি (পর্ব–১)’ শীর্ষক সচেতনতামূলক সেশন। 

ব্র্যাকের সামাজিক রূপান্তর ও আইনি সুরক্ষা কর্মসূচির (SELP) উদ্যোগে ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় নাজিরপুরের গিলাতলায় ‘স্বপ্ন সারথি’ দলের কিশোরীদের নিয়ে এই বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

সেশনের মূল উদ্দেশ্য ছিল কিশোরীদের মাঝে পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করা, প্রত্যেককে যোগ্য সম্মান দেওয়া এবং যেকোনো বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (SELP) নিত্যানন্দ শীল বলেন, “আমাদের সমাজে অনেক প্রতিভাবান কিশোরী রয়েছে, যারা কেবল আর্থিক অনটনের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছে না। আমরা যদি সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াই, তবে তারা নিয়মিত পড়াশোনা করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।” তিনি আরও বলেন, “সমাজে নানা শ্রেণি, পেশা ও জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে। পেশা বা অবস্থানে ভিন্নতা থাকলেও আমরা একে অন্যের ওপর নির্ভরশীল। সবার সম্মিলিত উপস্থিতিতেই আমাদের সমাজ সুন্দর ও অর্থবহ হয়ে ওঠে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। কেবল আইন প্রয়োগের মাধ্যমেই অবিচার ও বৈষম্য দূর করা সম্ভব নয়, বরং এর জন্য প্রতিটি মানুষের চিন্তাভাবনা ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ যেন আইনি সচেতনতার অভাবে অধিকারবঞ্চিত না হন, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। 

সভায় শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের নাজিরপুর উপজেলা অফিসার (SELP) মোছা. শাকিলা আরজু, কর্মসূচি সংগঠক (CO) দোলা শিকদার, শিক্ষক মো. নিয়ামতুল্লাহ, সমাজসেবক মো. জহুরুল ইসলাম, আইনজীবী মো. মোখলেছুর রহমান এবং প্রশাসনিক প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে উপস্থিত কিশোরী ও অতিথিরা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।