এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে মামলার এক বাদীর বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, পোশাক, নগদ টাকা, জমির প্রয়োজনীয় দলিলপত্র ও স্কুলের বইপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে গহেরপুর গ্রামের ওই বাড়িতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন রেজাউল মাতুব্বর। এ ঘটনায় তাঁর স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা (জিআর-১৪৭/২৬) দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের ক্রমাগত ভয়ভীতি ও হুমকির মুখে পরিবারটি বসতঘরে তালা ঝুলিয়ে অন্যত্র (বাবার বাড়ি) গিয়ে আশ্রয় নেয়।
মুন্নি বেগমের দাবি, মারধর মামলার দুই আসামি তুহিন শিকদার ও লাদেন শিকদারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর বাড়ি ফাঁকা থাকার সুযোগেই পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুন্নি বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০–১৫ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযুক্তরা হলেন—ওসমান শিকদার, পলাশ শিকদার, লাদেন শিকদার, লুৎফার শিকদার, সালমান শিকদার, ফরিদ শিকদার, রনি শিকদার, হামিদুর শিকদার ও হাবিবুর শিকদার।
কান্নাজড়িত কণ্ঠে মুন্নি বেগম বলেন, ‘মারধরের মামলা করার পর থেকেই আসামিদের ভয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে থাকছিলাম। সকালে আগুন লাগিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে এসে দেখি কিছুই অবশিষ্ট নেই, সব পুড়ে শেষ হয়ে গেছে। এর আগেও আমাদের বাড়ি ও পাটখড়ির গাদায় আগুন দেওয়া হয়েছিল। এ নিয়ে আমাদের লোকজনের বাড়িঘরে অন্তত ১৬ বার আগুন দেওয়ার ঘটনা ঘটল। আমরা এখন চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এনায়েত মাতুব্বর ও জাহিদ মাতুব্বর পক্ষের সঙ্গে ওসমান শিকদার ও পলাশ শিকদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ, পাল্টাপাল্টি মামলা ও হামলার ঘটনা চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই বিরোধেরই জেরে নতুন করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ‘এলাকায় পক্ষগুলোর মধ্যে পূর্ববিরোধ বা গোলমাল থাকতে পারে; কিন্তু কারও বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা গা-ঢাকা দেওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।