মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি: অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ এএম
শেয়ার করুন:
মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি: অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় এক যুবককে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল, ডেগারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার ভোররাতে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস থেকে তাঁদের গ্রেপ্তার করে মান্দা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২৪) এবং একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে তুড়ুকবাড়িয়া গ্রামের সাফি আল জাবের ওরফে নিরব (৩১) পলাশবাড়ি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন ও ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কয়েকজন তাঁর পথরোধ করেন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নিরবকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। 

পরদিন ২৬ আগস্ট রাতেও ওই যুবকেরা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় ওই দিনই সাফি আল জাবের বাদী হয়ে সুলতান, পারভেজ ও রোকনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন এবং আজ ভোরে বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাঁরা ধরা পড়েন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন এলাকায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন। এই গ্যাংয়ের মাধ্যমে তাঁরা এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। গ্যাংয়ে যোগ দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় কিশোরদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। এছাড়া তাঁদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুলতান মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।