রোয়াংছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৩ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রোয়াংছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।

জানা গেছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস)’-এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ‘কারিতাস বাংলাদেশ’ ও ‘হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’। এ প্রকল্পের আওতায় উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও ২নং তারাছা ইউনিয়নের মোট ৬০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবারপ্রতি ৬ হাজার টাকা করে শর্তহীন নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

বিতরণ কার্যক্রমের প্রথম দিনে রোববার রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩০০ উপকারভোগী পরিবারের হাতে নগদ অর্থ হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর তারাছা ইউনিয়নের অবশিষ্ট ৩০০ পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হবে।

নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।