‘চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করে খান’: শফিকুর রহমান

অনলাইন ডেস্কঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩০ পিএম
শেয়ার করুন:
‘চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করে খান’: শফিকুর রহমান

চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ঘরে খাবার না থাকলে বরং ভিক্ষা করে খান, তবুও কোনো অবস্থাতেই চাঁদাবাজি করবেন না।’ 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের অংশ হিসেবে বগুড়ার ধুনট মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমানে কৃষকের সার নেই, পেটে অন্ন নেই। যুবকদের কর্মসংস্থান নেই, সাধারণ মানুষের ঘরে কোনো নিরাপত্তা নেই। ব্যাংকে টাকা নেই, অথচ একদল লোক এখনো লুটেপুটে খাওয়ার ধান্দায় ব্যস্ত রয়েছে।’ চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই আমাদের এই রাজপথের কর্মসূচি। ঘোষিত আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তা যেকোনো মুহূর্তে সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নিতে পারে।’ তিনি দৃঢ়তার সঙ্গে যোগ করেন, ‘আমরা জনগণের স্বার্থে মাঠে নেমেছি। প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না।’

উল্লেখ্য, ১১ দলীয় জোটের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং সব ধরনের দুর্নীতি-চাঁদাবাজি রোধের দাবিও জানানো হয়। 

এর আগে শনিবার দুপুরে লংমার্চের গাড়িবহর বগুড়ার শেরপুরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে বহরটিকে স্বাগত জানান। পরে বহরটি বগুড়া শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিডালী ও ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেয়। বগুড়ায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে গাড়িবহরটি গাইবান্ধার পলাশবাড়ী হয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।