ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

‘যোগ্য গাইড, যোগ্য নেতৃত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁবু জলসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং তাঁর সহধর্মিণী ফারজানা খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেহেনা জাহান রানি, উপজেলা কমিশনার মোসাম্মৎ শামসুন্নাহার এবং জেলা সাধারণ সম্পাদক ফিরোজা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি বিকাশ, নিয়মানুবর্তিতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে অনন্য ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী গার্ল গাইড সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা পুরো গাইড ক্যাম্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কার্যক্রমের প্রশংসা করেন।

উল্লেখ্য, এবারের জেলা গাইড ক্যাম্পে ফরিদপুর সদরসহ জেলার মোট ৯টি উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৫ জন গার্ল গাইড সদস্য অংশগ্রহণ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা রেহেনা প্রিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।