খাবার খেয়ে পরিবারের সদস্যরা অসুস্থ, হাসপাতালে যাওয়ার পর বাড়িতে চুরি

অনলাইন ডেস্কঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৭ পিএম
শেয়ার করুন:
খাবার খেয়ে পরিবারের সদস্যরা অসুস্থ, হাসপাতালে যাওয়ার পর বাড়িতে চুরি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রাতের খাবার খেয়ে এক পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগে তাঁদের ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকার দৌলতপুর উপজেলার কল্যাণপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

অসুস্থ ব্যক্তিরা হলেন—শিক্ষক রমজান আলী, তাঁর মা বেদেনা বেগম, স্ত্রী জাহানারা আক্তার এবং তাঁদের তিন সন্তান রাইয়ান হোসেন, রিদোয়ান হোসেন ও মাইশা আক্তার।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রতিবেশীরা দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরদিন শনিবার সকালে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দুর্বৃত্তরা ঘরের কাঠ ও স্টিলের আলমারি এবং ওয়ারড্রব ভেঙে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও রুপার অলংকার লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী শিক্ষক রমজান আলী জানান, “আমাদের ধারণা, চুরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে কোনো চেতনানাশক দ্রব্য মেশানো হয়েছিল। আমরা সবাই হাসপাতালে থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে।”

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যরা কীভাবে অসুস্থ হলেন এবং এই অসুস্থতার পেছনে চুরির ঘটনার কোনো পূর্বপরিকল্পনা রয়েছে কি না, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।