মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৯ আগস্ট, ২০২৬ ১১:২৩ এএম
শেয়ার করুন:
মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গভীর সমুদ্রবন্দরসহ এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং নানা সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ীতে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়ে তেজগাঁও বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারযোগে তিনি মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন।

দিনের বিস্তারিত কর্মসূচি:

প্রকল্প পরিদর্শন ও পুনর্বাসন সহায়তা: মহেশখালী সফরে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সামগ্রিক কর্মকাণ্ড পরিদর্শন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় বাহাছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
ফটিকছড়ি সফর: মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ির উদ্দেশে রওনা হবেন। দুপুর ২টায় তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
হাটহাজারী সফর: বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। পরবর্তীতে হাটহাজারী ডাকবাংলোয় ক্ষণিক যাত্রাবিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেবেন।
দলীয় সভা: দিনের শেষভাগে সন্ধ্যা সোয়া ৭টায় নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে আয়োজিত এক সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান পূর্বে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থান সফর করলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এটিই তার প্রথম সফর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।