বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে গুলিয়ে খাবে আ.লীগ: এমপি শহিদুল ইসলাম বাবুল

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
৯ আগস্ট, ২০২৬ ১২:২২ পিএম
শেয়ার করুন:
বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে গুলিয়ে খাবে আ.লীগ: এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সর্দার বাড়ী মোড় সংলগ্ন আঃ মজিদ খার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “বিএনপির উদারতাকে যারা দুর্বলতা মনে করছেন, তারা চরম বোকার স্বর্গে বসবাস করছেন। দীর্ঘ সতের বছর গুম, খুন এবং হাজারো মিথ্যা মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম করে আমরা এ দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। যারা সাগরশয্যায় বসবাস করেন, তাদের শিশির কণার ভয় দেখিয়ে লাভ নেই।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সতের বছর লড়াই-সংগ্রামের পর আমরা এই পর্যায়ে এসেছি। কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই আপনারা আরেকটি গণঅভ্যুত্থানের চিন্তা করেন। হিসাব করে দেখুন—আজকে যদি বিএনপি না থাকে, তবে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের আওয়ামী লীগ এক নিমিষেই গিলে খাবে।” 

তিনি আরও সতর্ক করে বলেন, “আপনারা যদি বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা করেন, তবে তো আপনারাই মহাবিপদে পড়ে যাবেন, বিএনপির কিছুই হবে না।”

উপজেলা বিএনপি নেতা মো. আরমান আলী শিকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা 
সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা

উপজেলা বিএনপির প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামাণিকের বিশেষ উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন—এজিএম বাল আমিন, মো. শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, আ. কাদের মাস্টার, যুবদল নেতা আ. ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা ও আরামনি মোল্লাসহ অনেকে।

সমাবেশে উপস্থিত অন্য বক্তারা মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দাবি জানান। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ ও ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।