পরিবার থেকে টাকা হাতাতে ডিবি পরিচয়ে ‘ অপহরণ নাটক’, নগরকান্দায় ২ যুবক উদ্ধার

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
৪ আগস্ট, ২০২৬ ১০:১০ পিএম
শেয়ার করুন:
পরিবার থেকে টাকা হাতাতে ডিবি পরিচয়ে ‘ অপহরণ নাটক’, নগরকান্দায় ২ যুবক উদ্ধার

পরিবারের কাছ থেকে টাকা আদায় করতে নিজেই সাজালেন ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে অপহরণের নাটক! তবে শেষ রক্ষা হয়নি, পুলিশের দক্ষতায় থলের বিড়াল বেরিয়ে এসেছে। ফরিদপুরের নগরকান্দায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া, মারধর ও মুক্তিপণ দাবির একটি স্পর্শকাতর ঘটনার রহস্য উন্মোচন করেছে থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে মূল পরিকল্পনাকারী লিটন মোল্লা ও তার সহযোগী সুমন মোল্লাকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া লিটন মোল্লা নগরকান্দা উপজেলার বড় পাইককান্দি গ্রামের বাসিন্দা এবং সুমন মোল্লা একই গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে। 

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি লিটন মোল্লার বড় ভাই এনায়েত মোল্লা নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, কতিপয় ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার ছোট ভাই লিটনকে তুলে নিয়ে গেছে। পরবর্তীতে পরিবারের কাছে ফোন করে তাকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেয় নগরকান্দা থানা পুলিশ। নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ-এর সার্বিক দিকনির্দেশনায় নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি তদন্ত টিম মাঠে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ লিটন মোল্লা ও তার সহযোগী সুমন মোল্লার অবস্থান শনাক্ত করে এবং ফরিদপুর থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া দুজন স্বীকার করেছেন যে, পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবেই তারা নিজেরা ডিবি পুলিশ পরিচয়ে এই অপহণের নাটক সাজিয়েছিলেন। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত এখনও চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।