আলফাডাঙ্গায় ইলেকট্রনিক্স ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা ইলেকট্রনিক্স ফেডারেশনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকট্রনিক্স ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ইলেকট্রনিক্স ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রামিম হাসান।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইলেকট্রনিক্স ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমরা ইলেকট্রিশিয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের আলো জ্বালাই। কিন্তু আমাদের পেশার যথাযথ স্বীকৃতি ও নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। ফেডারেশন সবসময় ইলেকট্রিশিয়ানদের পাশে আছে।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, শ্রমিকদের ঘামেই দেশের অর্থনীতি সচল থাকে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু বলেন, শ্রমিকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির বলেন, গণমাধ্যম শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সবসময় সোচ্চার থাকবে।
নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. শাহিনুর রহমান বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশ ইলেকট্রনিক্স ফেডারেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার কাজী বলেন, সংগঠিত শ্রমিকই শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক হাজী আতিয়ার রহমান, বাংলাদেশ ইলেকট্রনিক্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ।
সবশেষে হাসপাতাল রোডে অবস্থিত আলফাডাঙ্গা উপজেলা ইলেকট্রনিক্স ফেডারেশন কার্যালয়ে শ্রমিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ