এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেহেরপুরের গাংনী উপজেলার দিগন্তজোড়া বাগানগুলোতে এখন শোভা পাচ্ছে মৌসুমের রসালো ফল লিচু। সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল টুকটুকে লিচু। ফলন আশানুরূপ হওয়ায় বাগানমালিকদের চোখেমুখে এখন আনন্দের ঝিলিক। ইতিমধ্যে বাজারে নামতে শুরু করেছে এই জনপ্রিয় ফল, আর মাত্র কয়েক দিনের মধ্যেই লাল লিচুতে ভরে উঠবে পুরো বাজার।
সরেজমিনে গাংনী উপজেলার বামন্দী, তেরাইল, জোড়পুকুর ও তেঁতুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামগুলোর বাগান, বাড়ির আঙিনা ও রাস্তার ধারের গাছগুলো লিচুর ভারে নুয়ে পড়েছে। ব্যবসায়ীরা আগাম টাকা দিয়ে বাগান কিনে রেখেছেন। এখন চলছে ফল সংগ্রহ ও বাজারজাতকরণের ব্যস্ততা। মেহেরপুরের চাহিদা মিটিয়ে এই লিচু ট্রাকবোঝাই হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
তবে লিচুর স্বাদ নিয়ে ক্রেতাদের মনে কিছুটা আক্ষেপও রয়েছে। অনেক অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় পরিপক্ব হওয়ার আগেই বাজারে অপরিপক্ব লিচু নিয়ে আসায় প্রকৃত স্বাদ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। শাহারুল ইসলাম নামের এক ক্রেতা জানান, বাজারে নতুন ফল দেখে সন্তানদের জন্য কিনলেও এখনো পূর্ণ স্বাদ মেলেনি। তবে আগামী ৮-১০ দিন পর বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু বাজারে এলে ক্রেতাদের তুষ্টি বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাজারে বর্তমানে ৮০টি মুজাফফর লিচু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। অর্থাৎ প্রতিটি লিচুর দাম পড়ছে প্রায় ৩ টাকার মতো। দাম কিছুটা চড়া হলেও মৌসুমি ফলের স্বাদ নিতে পিছপা হচ্ছেন না সাধারণ মানুষ।
ঝোড়াঘাট গ্রামের সফল লিচুচাষি লিটন মালিথা জানান, গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো। গত বছর যে বাগান তিনি ১৪ হাজার টাকায় বিক্রি করেছিলেন, এবার তা বিক্রি করেছেন ৫৭ হাজার টাকায়। অতিরিক্ত রোদের কারণে কিছু লিচু ঝরে পড়লেও সামগ্রিক উৎপাদনে তিনি খুশি।
গাংনী উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর উপজেলায় ১২৫ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৬২ টন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান বলেন, "লিচুর গুণগত মান বজায় রাখতে আমরা চাষিদের লিচু পরিপক্ব হওয়ার পর সংগ্রহের পরামর্শ দিচ্ছি। বর্তমানে বাজারে মুজাফফর লিচু পাওয়া যাচ্ছে। আশা করছি, সপ্তাহখানেক পর বোম্বাই এবং ১৫ দিন পর চায়না-থ্রি বাজারে আসবে, যা লিচুপ্রেমীদের স্বাদ পূর্ণ করবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানিয়েছেন, অপরিপক্ব ও টক লিচু বিক্রি করে ক্রেতাদের প্রতারিত না করতে ব্যবসায়ী ও বাগানমালিকদের নিয়মিত সচেতন করা হচ্ছে।
সব মিলিয়ে গাংনীর প্রতিটি জনপদে এখন লিচুর সৌরভ। ফলন ও বাজারদর ভালো থাকায় লিচু চাষে মেহেরপুরের এই অঞ্চলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।