এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। জিয়াকুলি যুব সমাজের উদ্যোগে এবং কাইচাইল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার ১১ নং জিয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শর্ট পিচ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইচাইল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ কানন মাতুব্বর, বিএনপি নেতা মজনু তালুকদার এবং যুবদল নেতা মো. সেলিম সরদার। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আবুল হাসান টিটো বলেন, "যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এই খেলার আয়োজন।" এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।