এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়েসহ চার তরুণ-তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং, সারথক আগরওয়াল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলওয়াল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক তিনটার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে ওই চারজন মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে চার লেনের সড়কের ডান পাশে ডিভাইডার সংলগ্ন এলাকায় আগে থেকেই একটি বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সজোরে ট্রাকটির পেছনে আঘাত হানে। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে, গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকটির নিচে ঢুকে যায়।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে গাড়িটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ায় এবং নিহতরা ভেতরে আটকে পড়ায় তাঁদের বের করে আনতে গ্যাস কাটার ব্যবহার করতে হয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সুমন জানান, দুর্ঘটনাকবলিত সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, ট্রাকটি আগের রাত থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে পড়ে ছিল। চালকদের সতর্ক করতে ট্রাকের পেছনে কেবল একটি গাছের ডাল রাখা হয়েছিল; কিন্তু রাতের অন্ধকারে কোনো ধরনের বাতি বা প্রতিফলক (রিফ্লেক্টর) না থাকায় দূর থেকে সেটি শনাক্ত করা কঠিন ছিল। এই দুর্ঘটনা রাতের বেলা সড়কে বিকল যানবাহন ফেলে রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।
এদিকে এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক শোকবার্তায় তিনি বলেন, “সন্তান হারানোর বেদনা কোনো বাবা-মায়ের পক্ষেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” এছাড়া রাজ্যের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পর পুরো ঝাড়খণ্ডেই শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।