সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২১ পিএম
শেয়ার করুন:
সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উচ্চ মাধ্যমিক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে ‘নতুন দিনের নতুন সূর্য, নতুন স্বপ্ন চোখে, নবীন তুমি এগিয়ে চলো, জ্ঞানের আলোর পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ-২০২৬ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, "কলেজ জীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন নয়, বরং জ্ঞানার্জন, কঠোর শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের সুনাগরিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।"

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সময়নিষ্ঠতা বজায় রেখে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। 

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক নবাগত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নবীনদের পদচারণা ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।