মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৪ এএম
শেয়ার করুন:
মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

নওগাঁর মান্দা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে অপর একটি চলন্ত ট্রাক। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন চালক ও হেলপার। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চৌদ্দ মাইল এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চৌদ্দ মাইল পেট্রোল পাম্পের সামনে ত্রিপল দিয়ে মোড়ানো সিমেন্ট বোঝাই একটি ট্রাক (রাজ মেট্রো ট-১১-০২৮৫) দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা ইটবোঝাই অপর একটি চলন্ত ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-০৩৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। 

ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, দাঁড়িয়ে থাকা ট্রাকটি প্রায় ২৫ গজ সামনে ছিটকে গিয়ে সেখানে থাকা একটি ট্রাক্টর-স্কেভেটরকে সজোরে আঘাত করে। এতে স্কেভেটরটিও ঘুরে গিয়ে স্থানচ্যুত হয়। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। 

দুর্ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটির কেবিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও হেলপার সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান। 

স্থানীয়দের ভাষ্য, সামান্যর জন্য আজ বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তবে চালকের অসতর্কতা ও বেপরোয়া চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ ধরনের দুর্ঘটনা রোধে দায়ী চালককে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।