ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপির যুগ্ম আহ্বায়কের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপির যুগ্ম আহ্বায়কের কারাদণ্ড

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাজা ভোগ করতে হবে। দণ্ডাদেশ দেওয়ার পর তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।

দণ্ডপ্রাপ্ত বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় বসবাস করছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোয়ালচামট এলাকায় নিজ মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের একটি প্রতিষ্ঠানে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই ওষুধ তৈরি করে আসছিলেন বায়েজিদ হোসেন। কারখানাটিতে শিশুদের ব্যবহারের ‘বেবি জেল’, প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন প্রকার অনুমোদনহীন ও ভেজাল আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। কারখানাটিতে কোনো ধরনের নিয়ম ও মান নিয়ন্ত্রণ ছাড়াই ক্ষতিকর ও অবৈধ ওষুধ তৈরি হচ্ছিল। অপরাধ স্বীকার করায় কারখানার মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দলীয় নেতার দণ্ডপ্রাপ্ত হওয়ার বিষয়ে ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সাইফ হাসান খাঁন বলেন, “কোনো রকম অন্যায়ের সঙ্গেই আমাদের আপস নেই। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে আইন তার নিজস্ব গতিতে চলবে। আমাদের দলের কেউ যদি অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুরো বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে বিস্তারিত জানাব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।