আলীকদমে পারিবারিক কলহের জেরে বিষপান, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫১ পিএম
শেয়ার করুন:
আলীকদমে পারিবারিক কলহের জেরে বিষপান, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

বান্দরবানের আলীকদমে পারিবারিক কলহের জেরে বিষপান করে আরাফাত মিয়া নামের এক যুবক আত্মহত্যা করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেঠান সর্দার পাড়ায় নিজ বসতবাড়িতে পারিবারিক বিরোধের জেরে বিষপান করেন আরাফাত। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন।

পরবর্তীতে ওই দিন রাত ১০টার দিকে আরাফাতকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, অতিরিক্ত কীটনাশকের বিষক্রিয়ায় (প্যারাকোয়াট পয়জনিং) তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, যুবকের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।