মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত

অনলাইন ডেস্কঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ পিএম
শেয়ার করুন:
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত

মুম্বাইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’ মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে নিয়ে হাজির হয়ে নতুন করে ভক্তদের মন জয় করলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মণ্ডপের উপচে পড়া ভিড়ে স্ত্রীকে পরম যত্নে আগলে রাখা এবং গণেশ মূর্তির চরণস্পর্শী সিঁদুর স্ত্রীর কপালে পরিয়ে দেওয়ার একটি মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

গত মঙ্গলবার লালবাগচা রাজায় গণেশ দর্শনে যান সঞ্জয় ও মান্যতা। মণ্ডপে সঞ্জয় উপস্থিত হন উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবিতে, আর মান্যতার পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। প্রতি বছরের মতো এবারও লালবাগচা রাজায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ফলে নিরাপত্তারক্ষীদের সহায়তায় ভেতরে প্রবেশ করলেও পুরোটা সময় স্ত্রীকে নিজের কাছে রেখে ভিড় থেকে সতর্কভাবে আগলে রাখেন সঞ্জয় দত্ত। 

দর্শনের একপর্যায়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য। বাপ্পার (দেবতা গণেশ) চরণের কাছে রাখা সিঁদুর নিজের আঙুলে নিয়ে পরম ভালোবাসায় স্ত্রী মান্যতার কপালে পরিয়ে দেন সঞ্জয়। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের এই মিষ্টি রসায়ন দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

দর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবেগ প্রকাশ করেন ‘মুন্না ভাই’ খ্যাত এই তারকা। সঞ্জয় বলেন, “এটি পরম সৌভাগ্য যে আবারও লালবাগচা রাজার দর্শনে আসতে পেরেছি। বাপ্পা ডেকেছেন বলেই আসা সম্ভব হয়েছে। প্রার্থনা করি, প্রতি বছরই যেন বাপ্পা আমাকে এভাবে কাছে টেনে নেন এবং আমি যেন বারবার ফিরে আসতে পারি।”

এদিন মণ্ডপে সঞ্জয়ের সঙ্গে দেখা হয় তাঁর দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা চাঙ্কি পাণ্ডের। চাঙ্কি তাঁর মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে নিয়ে সেখানে এসেছিলেন। পুরনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।

পেশাগত দিক থেকেও সময়টা বেশ ব্যস্ততায় কাটছে সঞ্জয় দত্তের। সাম্প্রতিক সময়ে ‘হাউসফুল ৫’, ‘বাঘি ৪’, ‘ধুরন্ধর’ এবং দক্ষিণী সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এ তাঁর অভিনয় নজর কেড়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর বহুল আলোচিত ছবি ‘রেঞ্জার’। জগন শক্তি পরিচালিত এ সিনেমায় বন কর্মকর্তার চরিত্রে অজয় দেবগন এবং খলনায়কের চরিত্রে সঞ্জয় দত্তকে দেখা যাবে; সিনেমাটিতে আরও রয়েছেন তামান্না ভাটিয়া। এর পাশাপাশি সঞ্জয়ের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক সিনেমা ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এও দেখা যাবে এই অভিনেতাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।