চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৫ পিএম
শেয়ার করুন:
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান পরিকল্পনা অনুযায়ী চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী চলতি বছর স্থানীয় নির্বাচন শুরু হচ্ছে না। আসন্ন রমজান ও বিভিন্ন পাবলিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগামী বছরের ৬ জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন নিজেই।”

নির্বাচনী ব্যয়ের বিষয়ে মীর শাহে আলম জানান, পাঁচটি স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। এই নির্বাচনী ব্যয় মেটাতে সরকারের প্রয়োজনীয় বাজেট প্রস্তুত রয়েছে।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগের অন্যান্য উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকার একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় স্থানীয় সরকার বিভাগের অধীন সারা দেশের দপ্তর, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারসহ মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে এই প্রকল্পগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ বাস্তবায়নে সরকার ৩৭০ কোটি টাকা ছাড় দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।