সুবর্ণচরে রাতে ঘরে ঘুমানো মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল সকালে, হত্যার সন্দেহ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ পিএম
শেয়ার করুন:
সুবর্ণচরে রাতে ঘরে ঘুমানো মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল সকালে, হত্যার সন্দেহ

নোয়াখালীর সুবর্ণচরে মো. নাঈম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। প্রায় তিন বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে নাঈম সুবর্ণচরে নানা এবায়েদ উল্যার বাড়িতে থাকত এবং চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার মাদ্রাসা থেকে নানার বাড়িতে আসে নাঈম। সোমবার রাতে খাবার খেয়ে সে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে ফজরের নামাজের সময় পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের দরজা খোলা এবং নাঈম বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশের রাস্তায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন নানা এবায়েদ উল্যা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের নানা এবায়েদ উল্যা অভিযোগ করে বলেন, "দিন কুড়ি আগে নাঈমের মায়ের অন্যত্র বিয়ে হয়। এরপর থেকেই নাঈমের বাবা নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। নাঈমের মা ও আমাদের সন্দেহ, এর পেছনে তার বাবার কোনো হাত থাকতে পারে।" তিনি আরও অভিযোগ করেন, সকালে মৃত্যুর খবর দেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও নাঈমের বাবা কল রিসিভ করেননি এবং দুপুর পর্যন্ত ঘটনাস্থলে আসেননি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাঈমের বাবা ইব্রাহীম খলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, "মরদেহের থুতনির নিচে আঁচড়ের দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।" তিনি আরও জানান, নিহতের বাবার সঙ্গে পুলিশের কথা হয়েছে; তিনি বর্তমানে ফেনী বা চট্টগ্রামে অবস্থান করছেন এবং ঘটনাস্থলে আসছেন বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।