‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’: সালথার ইউপি চেয়ারম্যানের বক্তব্যে তোলপাড়

শফিকুল ইসলাম জনি, ফরিদপুর প্রতিনিধিঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৫ পিএম
শেয়ার করুন:
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’: সালথার ইউপি চেয়ারম্যানের বক্তব্যে তোলপাড়

ফরিদপুরের সালথায় সমর্থকদের দেশীয় অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ডের মতো অপরাধের দায় নেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। বিতর্কিত বক্তব্য দেওয়া ওই চেয়ারম্যানের নাম রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লা। তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে অনুষ্ঠিত এক ঘরোয়া সভায় তাঁর দেওয়া এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে (ভাইরাল) এলাকা জুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তাঁর সমর্থকদের উদ্দেশে বলছেন, *“আপনারা অস্ত্র বানান, মার্ডার (হত্যাকাণ্ড) হলে আমি দেখব।”* ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ‘সুপার এডিট’ বা কারসাজি করে তৈরি করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল তাঁর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। 

পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, “সম্প্রতি প্রতিপক্ষের লোকজন আমাদের দলের এক দরিদ্র ভ্যানচালকের ওপর হামলা চালিয়ে তাঁর ভ্যানটি ছিনিয়ে নেয়। আমি চাইলে সমর্থকদের নিয়ে তাৎক্ষণিকভাবে তা উদ্ধার করতে পারতাম। কিন্তু আমি আইন নিজের হাতে না তুলে পুলিশের শরণাপন্ন হয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি।”

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে সম্প্রতি চেয়ারম্যান এমন কোনো উসকানিমূলক বক্তব্য দিয়েছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও পাঠানো হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।