রাণীনগর-আবাদপুকুর সড়কে ছিনতাইয়ের ঘটনায় ‘হাঁসুয়া বাহিনী’র ২ সদস্য গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২২ পিএম
শেয়ার করুন:
রাণীনগর-আবাদপুকুর সড়কে ছিনতাইয়ের ঘটনায় ‘হাঁসুয়া বাহিনী’র ২ সদস্য গ্রেপ্তার

নওগাঁর রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কে পথচারীদের গাছের সঙ্গে বেঁধে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় তথাকথিত ‘হাঁসুয়া বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাণীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোনসহ একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সান্তাহার চা বাগান কলোনি এলাকার আফসার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) এবং রাণীনগর উপজেলা সদরের ভুতরাজাপুর গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে নাহিদ হাসান (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কের বেলঘড়িয়া এলাকায় একদল ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে পথচারীদের গতিরোধ করে। এরপর কয়েকজন পথচারীকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং তাঁদের কাছ থেকে নগদ টাকা ও ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ডিবি ও থানা পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ভুক্তভোগীর একটি মোবাইলসহ কয়েকটি মুঠোফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র (হাঁসুয়া)।

পুলিশ জানায়, গ্রেপ্তার মনিরুল ওরফে বাইরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তার নাহিদ হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি (১৬৪ ধারা) দিয়েছেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই ও দস্যুতা দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মহাসড়কে অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।