ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫৯ জন হামে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১১০

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫৯ জন হামে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১১০

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় নতুন আক্রান্ত ৫৯ জনই জেলার দুটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, গত এক দিনে এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

জেলা স্বাস্থ্য বিভাগের ২১ সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। বর্তমানে এ দুটি হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, ২১ সেপ্টেম্বর শনাক্ত হওয়া ৫৯ জন সন্দেহভাজন হাম রোগীর মধ্যে ৪৩ জন ফরিদপুর জেলার এবং বাকি ১৬ জন আশপাশের অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, বর্তমানে আলফাডাঙ্গায় সর্বাধিক ২৮ জন রোগী রয়েছেন। এ ছাড়া বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৯০২ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ২১ জন। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।