উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৬ পিএম
শেয়ার করুন:
উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারবিজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি ফেরত নেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের এক সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে বিজয়ীদের অন্যান্য উপহারের সঙ্গে বিতর্কিত ‘নেক্সাস’ বইটিও দেওয়া হয়েছিল।

বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নিয়ে বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া বইটি ফেরত নেওয়া হয়েছে। তবে সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজদের আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ যেসব প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যেকোনো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। এসব আন্তর্জাতিক মঞ্চে দেশের হাফেজরা কৃতিত্ব দেখিয়ে দেশের ভাবমূর্তি ও সম্মান বিশ্বদরবারে উজ্জ্বল করছেন।

এ সময় সংবর্ধনাপ্রাপ্ত বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান, হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ এবং তাঁদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত আগস্টে সৌদি আরবে ৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে বিজয়ী বাংলাদেশি হাফেজদের সম্মাননা জানাতে ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।