কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৩ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে গিয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার শানমের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ তৎপরতায় নদী থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শিলছড়ি সীতারঘাট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত সাজিদ শাহরিয়ার নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নরসিংদী ও চট্টগ্রাম থেকে আসা ৯ সদস্যের একটি পর্যটক দল কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার সীতার পাহাড় ও জুম পাহাড়ে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুর ২টার দিকে তারা শিলছড়ি সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-মুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান সাজিদ। মুহূর্তের মধ্যেই নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। 

ঘটনার পরপরই কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরি দল। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত দীর্ঘ প্রায় তিন ঘণ্টার যৌথ অভিযানের পর বিকেল ৪টা ৪০ মিনিটে নদী থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

মরদেহ উদ্ধারের পরপরই নৌবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে সাজিদকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে সম্ভাবনাময় ও মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শিলছড়ি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন এবং কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন। একই সঙ্গে তাঁরা নদী তীরবর্তী বিপজ্জনক এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।