অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:০১ পিএম
শেয়ার করুন:
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। 

ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশবাসী এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। অপ্রাপ্তবয়স্ক এই শিশুটি নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পুলিশ সন্দেহভাজন চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা অপরাধের দায় স্বীকার করেছে। এখন প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।”

গ্রেফতারকৃতদের পরিচয় ও বয়স প্রসঙ্গে মন্ত্রী জানান, অভিযুক্তরা একটি কিশোর অপরাধ চক্রের সঙ্গে জড়িত। তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। প্রকৃত বয়স নিশ্চিত করতে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, নিহত অপ্রতিমের সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ও ওঠাবসা ছিল। তারা বয়সে অপ্রতিমের চেয়ে প্রায় ৫ থেকে ১০ বছরের বড়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের মূল সূত্র যে মোবাইল ফোনটি ছিল, সেটি মূল অভিযুক্ত তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের তৎপরতার প্রশংসা করে বলেন, “পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে সব আলামত জব্দ করেছে। নিহতের ময়নাতদন্ত শেষে আজ তার দাফন সম্পন্ন হয়েছে। এখন ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ ও ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে।”

হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আশা প্রকাশ করে তিনি বলেন, “রামিসা হত্যাকাণ্ডের মতো এই মামলার বিচার প্রক্রিয়াও যেন দ্রুততম সময়ে সম্পন্ন হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট। তদন্ত শেষে দ্রুত চার্জশিট দাখিল করে আদালতকে পূর্ণ সহযোগিতা করা হবে।”

নেপথ্যের ঘটনা:
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।