পিরোজপুরে ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১০ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার চেষ্টার প্রতিবাদ এবং পেশাগত মর্যাদা রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলিল লেখক সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশ নেন। 

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

সমাবেশে বক্তারা বলেন, আধুনিকায়নের অজুহাতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দলিল লেখার পেশা বিলুপ্ত বা সীমিত করার চেষ্টা করা হলে এর সঙ্গে জড়িত বিপুলসংখ্যক মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়বেন। বর্তমানে সারা দেশে প্রায় ২ লাখ নিবন্ধিত দলিল লেখক এবং তাদের সহায়ক ও কম্পিউটার অপারেটরসহ প্রায় ৫ লাখ মানুষ এ পেশার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এসব মানুষের কর্মসংস্থান সংকুচিত হলে পরিবারগুলো তীব্র আর্থিক ও সামাজিক সংকটে পড়বে এবং একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে। 

সমাবেশ থেকে দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—  
১. রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা।  
২. প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানী ভাতা কার্যকর করা।  
৩. লাইসেন্সধারী দলিল লেখক ছাড়া অন্য কেউ যেন দলিল মুসাবিদা বা রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে না পারেন, সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা।  
৪. সংশ্লিষ্ট থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞ কাউকে দলিল লেখার লাইসেন্স প্রদান না করা।  
৫. প্রতিটি থানা ও জেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সরকারি অর্থায়নে দলিল লেখকদের জন্য বসার স্থান ও নামাজের কক্ষ নির্মাণ করা।  
৬. দলিলে কোনো ত্রুটি বা জালিয়াতির ক্ষেত্রে লেখক বা মুসাবিদাকারীকে অহেতুক আসামি না করা।  
৭. দলিল লেখকদের স্বার্থ সুরক্ষায় দ্রুত ‘দলিল লেখক কাউন্সিল’ গঠন করা।  

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলিল লেখকদের ন্যায্য এই সাত দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করা না হলে আগামীতে সারা দেশের দলিল লেখকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।