বেগমগঞ্জ বিসিকে অবৈধ পলিথিন কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল কাঁচামাল জব্দ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০২ পিএম
শেয়ার করুন:
বেগমগঞ্জ বিসিকে অবৈধ পলিথিন কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল কাঁচামাল জব্দ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের নেতৃত্বে বিসিক শিল্পনগরীর অভ্যন্তরে ‘এসপি প্রিন্টিং ফ্যাক্টরি’তে এ অভিযান পরিচালিত হয়। তল্লাশি চালিয়ে কারখানাটি থেকে ১৮ বস্তা নিষিদ্ধ পলিথিন, ৫৭ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল এবং ৩ রোল পলিথিন সিলিন্ডার জব্দ করা হয়; যার আনুমানিক সরকারি বাজারমূল্য প্রায় ১ লাখ ৭২ হাজার ২০০ টাকা। 

অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান জানান, জব্দকৃত পলিথিন ও কাঁচামালগুলো সরকারি নিয়মানুযায়ী নিলামের মাধ্যমে রিসাইক্লিং প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগেও অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে জেলা পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠানটি একাধিকবার সিলগালা করেছিল। এমনকি কারখানার মালিক শাহপরান ও অপর এক নারী পরিচালকের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলাও রয়েছে। তা সত্ত্বেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আইন অমান্য করে তারা কারখানাটিতে পুনরায় অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।

এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ পলিথিনের বিস্তার রোধে বিসিক এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।