সততা ও মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আলফাডাঙ্গা ছাড়লেন ইউএনও রিফাত নূর মৌসুমী

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৭ আগস্ট, ২০২৬ ১০:৩৫ এএম
শেয়ার করুন:
সততা ও মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আলফাডাঙ্গা ছাড়লেন ইউএনও রিফাত নূর মৌসুমী

সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। দায়িত্ব পালনের স্বল্প সময়েই তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, দ্রুত সরকারি সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে আলফাডাঙ্গাবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। 

বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তাকে আন্তরিক ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

জানা যায়, ২০২৫ সালের ২ ডিসেম্বর রিফাত নূর মৌসুমী আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনমুখী করতে নানা প্রশংসনীয় উদ্যোগ নেন। বিশেষ করে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রশাসনিক সেবায় জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে তিনি অনন্য নজির স্থাপন করেন। তার অমায়িক আচরণ, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতা খুব অল্প সময়েই তাকে উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত করেছিল।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী এই কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রিফাত নূর মৌসুমী তাঁর দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার এক উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা আলফাডাঙ্গাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে রিফাত নূর মৌসুমী বলেন, "আলফাডাঙ্গার মানুষের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। এখানকার মানুষের যে সম্মান ও সহযোগিতা আমি পেয়েছি, তা সারাজীবন হৃদয়ে ধারণ করব। আলফাডাঙ্গার সাধারণ মানুষের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রিফাত নূর মৌসুমীর হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।