আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ আগস্ট, ২০২৬ ৭:০১ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ‘দৈনিক মানবজমিন’-এর উপজেলা প্রতিনিধি মো. আলমগীর কবিরকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় উপজেলা প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এই দাবি জানান। 

প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ভুক্তভোগী সাংবাদিক মো. আলমগীর কবির। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, আইন সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের তুহিন, কার্যনির্বাহী সদস্য আবু সালেহ নাসিম, ওবায়দুর রহমান এবং সদস্য মুজাহিদ মৃধা।

প্রতিবাদ সভায় ভুক্তভোগী সাংবাদিক আলমগীর কবির বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করি। সম্প্রতি একটি ধর্ষণসংক্রান্ত সংবাদ প্রকাশের পর পুলিশের তদন্তে নতুন তথ্য পাওয়ায় সেটি সংশোধন করে পুনরায় প্রকাশ করি। এরপরই অজ্ঞাত একটি নম্বর থেকে একাধিকবার ফোন করে পোস্টটি মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়। পোস্ট না সরালে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।”

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ প্রকাশে বাধা দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন সাংবাদিককে হুমকি নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর প্রত্যক্ষ আঘাত। বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক আলমগীর কবির ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) বিকেলে অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে সাংবাদিক আলমগীর কবিরকে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন জানান, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কলটি একটি বিদেশি নম্বর থেকে করা হয়েছিল। নম্বরটি অধিকতর প্রযুক্তিনির্ভর বিশ্লেষণের জন্য দ্রুত সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। হুমকিদাতাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।