আলফাডাঙ্গায় জমি বিরোধে বড় ভাইয়ের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, থানায় মামলা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪০ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় জমি বিরোধে বড় ভাইয়ের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, থানায় মামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মো. ওসমান মোল্যাকে লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাই মো. নুরুল হক ও তার স্বজনদের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওসমান মোল্যার ছেলে নাইম মোল্যাও।  

এ ঘটনায় ওসমান মোল্যার স্ত্রী মোসা. রূপবান বেগম বাদী হয়ে নুরুল হকসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।  

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা এলাকায় জমি নিয়ে ওসমান মোল্যা ও তার ছোট ভাই নুরুল হকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নুরুল হকের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওসমান মোল্যার বসতবাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।  

পরে অভিযুক্তরা লোহার রড দিয়ে ওসমান মোল্যার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকান। এতে রডের সরাসরি আঘাতে তার বাম হাতের হাড় ভেঙে গুরুতর জখম হয়। এ সময় বাবাকে রক্ষা করতে ছেলে নাইম মোল্যা এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। একপর্যায়ে ডলি বেগম নামের এক অভিযুক্ত ধারালো বঁটি দিয়ে নাইমের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে তার বাম হাতের তর্জনী কেটে যায়।  

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওসমান মোল্যার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।  

ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।  

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, "ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দেওয়া অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।