যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: সিরাজুল ইসলাম সিরাজ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৭ নভেম্বর, ২০২৬ ১:০৬ পিএম
শেয়ার করুন:
যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: সিরাজুল ইসলাম সিরাজ

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক ও বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেছেন, “যুবসমাজকে মাদকের মরণফাঁদ থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ চর্চার মধ্য দিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টায় উপজেলার বানা এম এ মজিদ স্কুল মাঠে বেলবানা যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘৮ দলীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বানা ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার অন্যতম লক্ষ্য। এজন্য পড়াশোনার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাঠে নামতে হবে। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেয়।”

আয়োজকদের প্রশংসা করে তিনি আরও বলেন, তাঁর ছোট ভাই সালিমুর রহমান সালিমসহ স্থানীয় উদ্যমী তরুণরা যখন এই টুর্নামেন্টের উদ্যোগ নেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হন। তরুণদের বিপথগামিতা ও মাদক থেকে দূরে সরিয়ে মাঠমুখী করাই এই আয়োজনের মূল সার্থকতা। বানা ইউনিয়নের যুবসমাজ খেলাধুলায় এগিয়ে এলে তিনি যেকোনো প্রয়োজনে সবসময় তাদের পাশে থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। 

বিশিষ্ট সমাজসেবক ও আটক বানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বেলবানা এলাকার সাবেক ক্রিকেটার এবং পারভেজ সুপার ক্রিকেট একাদশের স্বত্বাধিকারী সালিমুর রহমান সালিম।

আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই নৈশকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। যুবসমাজকে ইতিবাচক ধারায় যুক্ত রাখতে এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এলাকার ক্রীড়ানুরাগীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।