ধামরাইয়ে গোয়ালঘরে ভয়াবহ আগুন: পুড়ে মরল কোরবানির দুই বিশালাকার ষাঁড়

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
১০ মে, ২০২৬ ৭:৫৭ পিএম
শেয়ার করুন:
ধামরাইয়ে গোয়ালঘরে ভয়াবহ আগুন: পুড়ে মরল কোরবানির দুই বিশালাকার ষাঁড়

ঢাকার ধামরাইয়ে মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা দুটি বিশালাকার ষাঁড় পুড়ে মারা গেছে। শনিবার (১১ মে) রাতে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী খামারি রশিদ আলীর প্রায় সাড়ে তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে নান্নার গ্রামের বাসিন্দা রশিদ আলীর গোয়ালঘরে হঠাৎ আগুন দেখতে পান প্রতিবেশীরা। গোয়ালঘরে রান্নার শুকনা খড়ি ও জ্বালানি মজুত থাকায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ভাগ্যবশত, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আসন্ন কোরবানির হাটে বিক্রির জন্য পরম যত্নে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কৃষকের আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় দুই লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

কোরবানির ঈদের মাত্র কয়েক সপ্তাহ আগে উপার্জনের প্রধান সম্বল হারিয়ে এখন দিশেহারা কৃষক রশিদ আলী। তার এই অপূরণীয় ক্ষতিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।