সদরপুরে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত অন্তত ১৬

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 21, 2026 - 14:42
সদরপুরে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত অন্তত ১৬

ফরিদপুরের সদরপুরে একটি পাগলা কুকুরের তাণ্ডবে শিশুসহ অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কুকুরের কামড়ে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর; তাদের শরীরের বিভিন্ন স্থানের মাংস ছিঁড়ে নিয়েছে পাগলা কুকুরটি। তবে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলা হলে জনমনে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার নয় রশি, ১৪ রশি, ১৭ রশি ও শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরটি অতর্কিত হামলা শুরু করে। পথে যাকে পেয়েছে তাকেই কামড়ে রক্তাক্ত করেছে। ১৪ রশি গ্রামের বাসিন্দা শাহিনুর ও ৯ রশি গ্রামের সাজাহান মিয়াসহ অনেকেই তাদের সন্তানদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেন। ভুক্তভোগীদের দাবি, আহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি—প্রায় ৩০ থেকে ৪০ জন হতে পারে।

এদিকে, ঈদুল ফিতরের ছুটির কারণে সরকারি দপ্তরগুলো বন্ধ থাকায় শুরুতে কুকুরটি নিধনে কোনো প্রশাসনিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে গেলে হঠাৎ কুকুরটি সেখানে উপস্থিত হয়। এ সময় তাঁর নির্দেশে উপস্থিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে তিনি ব্যক্তিগতভাবে অর্থ প্রদান করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মৃত কুকুরটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামসুন্দর সাহা জানান, দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, "আহতদের প্রত্যেককে ভ্যাকসিন ও টিটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।"

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু বলেন, "কুকুরের কামড়ে অনেক মানুষ আহত হওয়ার খবর শুনে আমি হাসপাতালে আসি। কুকুরটিকে নিধন করায় এখন জনমনে আতঙ্ক কমেছে। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই।"

কুকুর নিধনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে দীর্ঘ সময়ের উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow