জলঢাকায় ধানের শীষের প্রচারণায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় এক নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামীর এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা ও ধানের শীষের চাদর দিয়ে বরণ করে নেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার বালাগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌরঙ্গী মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট শাহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মইনুল হক বলেন, “ধানের শীষে ভোট দিয়ে এই আসনের বিজয় নিশ্চিত করে আমরা তা দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এম.ডি. শরিফুল ইসলাম বাবু। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার রাস্তাঘাট ও পানি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। আমরা যদি কথা রাখতে ব্যর্থ হই, তবে ভবিষ্যতে আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না।”
পথসভার এক পর্যায়ে লুৎফর রহমান নামে জামায়াতে ইসলামীর এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা পরিয়ে এবং ধানের শীষ খচিত চাদর গায়ে জড়িয়ে দলে উষ্ণ অভ্যর্থনা জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা রুহুল আজাদ, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ জোয়ারদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, শ্রমিক দলের ইউনুস আলী, ওমর ফারুক বাবু, বেলাল ও রশিদুল। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের এমদাদুল হক সাজু, শেখ পৌর যুবদলের শেখ সাদী লাভলু, আরিফুজ্জামান রিপন, শান্ত, রিজু, ছাত্রদলের মিঠু এবং জিয়া মঞ্চের আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
What's Your Reaction?
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ