নাটকীয়তা শেষে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

খেলা ডেস্কঃ
Jan 25, 2026 - 16:28
নাটকীয়তা শেষে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
ছবি: এএফপি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান নাটকীয়তা ও ঘোর অনিশ্চয়তার মধ্যেই শেষ পর্যন্ত ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কর্তৃক বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্বকাপ বর্জনের কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে বর্জনের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই দল ঘোষণার মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি এক প্রকার নিশ্চিত করল পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে সালমান আলী আগার কাঁধে। চমক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ দুই তারকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। গত নভেম্বরের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই দুই তারকাকে দেখা যায়নি। রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের পর বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকায় তাঁরা শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলা সিরিজে খেলতে পারেননি। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁদের অভিজ্ঞতার ওপরই শেষমেশ আস্থা রেখেছে পিসিবি।

ঘোষিত দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ এক সমন্বয় করার চেষ্টা করেছেন নির্বাচকরা। টপ অর্ডারে সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান ও বাবর আজমের মতো পরীক্ষিত ব্যাটাররা রয়েছেন। মিডল অর্ডারে দলের হাল ধরতে প্রস্তুত ফখর জামান, অধিনায়ক সালমান আগা ও তরুণ প্রতিভা খাজা নাফি। গত ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফি ও সাহিবজাদা ফারহান নিজেদের দিনে কতটা ভয়ংকর হতে পারেন, তা ক্রিকেট বিশ্বের অজানা নয়।

শ্রীলঙ্কার কন্ডিশন ও স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে দলে একঝাঁক স্পিনার অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। লেগ স্পিন আক্রমণে শাদাব খান ও আবরার আহমেদের সঙ্গে আছেন মিস্ট্রি স্পিনার উসমান তারিক ও অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। শাদাব ও নাওয়াজ বলের পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এছাড়া পার্ট-টাইম স্পিনার হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে পারেন সাইম আইয়ুব। পেস আক্রমণে নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গী হিসেবে সুযোগ পেয়েছেন সালমান মির্জা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ফাহিম আশরাফ। তবে অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমান আলী আগার দল। একই মাঠে ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। তবে ক্রিকেট বিশ্বের নজর থাকবে ১৫ ফেব্রুয়ারির দিকে, যেদিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, শাদাব খান, নাসিম শাহ, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, উসমান খান, খাজা নাফি (উইকেটরক্ষক), সালমান মির্জা ও উসমান তারিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow