যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের
নেপালের মাটিতে জয়ে দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করল বাংলাদেশ। আজ নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুভসূচনা করেছেন নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে শারমিন আক্তার সুপ্তার ঝড়ো ইনিংস এবং বল হাতে নাহিদা-রিতুর দাপটে হেসেখেলেই জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করায় এবার বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে বাংলাদেশকে। সেই লক্ষ্য পূরণের পথে প্রথম ধাপটি আজ সফলভাবেই অতিক্রম করলেন জ্যোতিরা।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত হয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তারা। দলের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শারমিন আক্তার সুপ্তা। ৩৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো তার ৬৩ রানের ইনিংসটি দলের জয়ে বড় ভূমিকা রাখে এবং তিনি ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধবন ৩টি এবং ইশানি ভাগেলা ২টি উইকেট শিকার করেন।
১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা মন্দ ছিল না। দুই ওপেনার দিশা ধিংড়া ও চেতনা পাগিদিয়ালা ৬.৪ ওভারে ৪২ রানের জুটি গড়েন। তবে ২৩ রান করা দিশাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের হাতে। যুক্তরাষ্ট্রের ব্যাটাররা বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারিয়ে ফেলেন। ওপেনার চেতনা সর্বোচ্চ ৩৬ রান (৩১ বলে) করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানেই আটকে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার নাহিদা আকতার ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৪ রান খরচ করে তিনি তুলে নেন ৪টি উইকেট। সমান রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিতু মনি। রাবেয়া খান নেন ২ উইকেট।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বে লড়ছে মোট ১০টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ পরশু (মঙ্গলবার) পাপুয়া নিউগিনির বিপক্ষে। কীর্তিপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে। এরপর একই মাঠে ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি মুলপানিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
What's Your Reaction?
খেলা ডেস্কঃ