নওগাঁয় সাংবাদিক সাজুর ওপর হামলার প্রতিবাদে বিএমএসএফের মানববন্ধন ও বিক্ষোভ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৩১ আগস্ট, ২০২৫ ৩:৫৪ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় সাংবাদিক সাজুর ওপর হামলার প্রতিবাদে বিএমএসএফের মানববন্ধন ও বিক্ষোভ

ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ. কে. সাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। সহ-সভাপতি এ. কে. এম. ফজলে মাহমুদ চাঁদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান, সাইদুল ইসলাম হেলাল, রেজাউল কবির রাকিব, বিপ্লব সরকার কাজলসহ আরও অনেকে।

বক্তারা হামলাকারী দলিল লেখক ও দালাল চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছে, যা নিয়মবহির্ভূত। এ সময় বক্তারা ওই অফিসের সাব-রেজিস্ট্রার মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও দাবি জানান।

সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, “একজন সাংবাদিক যখন সত্য প্রকাশ করতে গিয়ে লাঞ্ছিত হন, তখন তা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সমগ্র জাতির বিবেককে আঘাত করে। মুক্ত সাংবাদিকতা একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য মো. মাহবুব জামান সেতু, এম.পি মহব্বত আলীসহ সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ. কে. সাজুর ওপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।